আনন্দ বিনোদন ডেস্ক: দীর্ঘ চার বছর পর আবারও বিশ্বমঞ্চে ফিরেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড BTS। বৃহস্পতিবার সিউলের অদূরে গোয়াং স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাদের বহুল প্রতীক্ষিত ওয়ার্ল্ড ট্যুরের যাত্রা শুরু হয়। তিন দিনব্যাপী এই কনসার্টের প্রথম দিনেই ভক্তদের উপচে পড়া উপস্থিতি চোখে পড়ে।
এই ট্যুরে বিশ্বের মোট ৩৪টি শহরে পারফর্ম করবে ব্যান্ডটি, যা কে-পপ ইতিহাসে সর্বোচ্চ ট্যুর ডেট হিসেবে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। ব্যান্ডটির ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, দক্ষিণ কোরিয়া, উত্তর আমেরিকা ও ইউরোপের কনসার্টগুলোর টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়।
বৃষ্টিকে উপেক্ষা করে ভক্তরা প্রিয় বেগুনি পোশাক পরে শো শুরুর অনেক আগেই স্টেডিয়ামে জড়ো হন। এই ট্যুরের মাধ্যমে ব্যান্ডটির সাত সদস্য—আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক—দীর্ঘ বিরতির পর পূর্ণাঙ্গভাবে মঞ্চে ফিরেছেন। এই বিরতির সময় তারা দেশের নিয়ম অনুযায়ী সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।
২০২৫ সালে পুনরায় একত্রিত হয়ে তারা ‘আরিরাং’ শিরোনামের পঞ্চম স্টুডিও অ্যালবাম প্রকাশ করে। ঐতিহ্যবাহী কোরিয়ান লোকগীতির নামানুসারে তৈরি এই অ্যালবামটি বিলবোর্ড ২০০ চার্টে টানা দুই সপ্তাহ শীর্ষে ছিল এবং এর লিড গান ‘সুইম’ বিলবোর্ড হট ১০০-এ এক নম্বরে জায়গা করে নেয়।
গোয়াং স্টেডিয়ামের কনসার্টে বিটিএস তাদের জনপ্রিয় পুরনো গানের পাশাপাশি নতুন অ্যালবামের গানও পরিবেশন করে ভক্তদের মাতিয়ে তোলে। সিউলের পর তাদের পরবর্তী গন্তব্য টোকিও, এরপর উত্তর আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বিভিন্ন শহর ঘুরে এই ট্যুর শেষ হবে ফিলিপাইনের ম্যানিলায়।
আপনার মতামত লিখুন :