আনন্দ বিনোদন ডেস্ক: ঈদুল ফিতরে মাল্টিপ্লেক্সে ব্যাপক সাফল্যের পর এবার সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘দম’। আগামী ২৪ এপ্রিল থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ৫০টিরও বেশি হলে একযোগে প্রদর্শিত হবে ছবিটি, যা নিয়ে ইতোমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি জানিয়েছে, শুরুতে পাইরেসির ঝুঁকি এড়াতে সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়েছিল। এখন সেই সীমাবদ্ধতা কাটিয়ে সাধারণ দর্শকদের জন্য সিঙ্গেল স্ক্রিনে উন্মুক্ত করা হচ্ছে। ফলে দেশের বিভিন্ন প্রান্তের দর্শকরা সহজেই সিনেমাটি উপভোগ করতে পারবেন।
প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, আন্তর্জাতিক মানের নির্মাণশৈলী ও বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি এই গল্প দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। দীর্ঘদিন অপেক্ষায় থাকা দর্শকরা এবার সিনেমাটি দেখার সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিচালক রেদওয়ান রনি জানান, ‘দম’ তার কাছে শুধু একটি চলচ্চিত্র নয়, বরং এটি বাংলাদেশের সাহস ও বিজয়ের প্রতিচ্ছবি। দর্শকদের ভালোবাসা তাকে আরও অনুপ্রাণিত করছে বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে প্রধান চরিত্রে অভিনয় করা আফরান নিশো বলেন, গল্পের গভীরতা ও চরিত্রের শক্তির কারণেই তিনি এই সিনেমায় কাজ করতে আগ্রহী হন।
দেশের বাইরে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডাতেও ইতোমধ্যে সিনেমাটি মুক্তি পেয়েছে এবং সেখানেও ভালো সাড়া মিলছে। উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহেই হলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা সিনেমাটির জনপ্রিয়তার প্রমাণ বহন করে।
‘দম’ সিনেমায় আফরান নিশোর পাশাপাশি অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াত, ডলি জহুর ও জাহিদ হাসানসহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন :