আনন্দ বিনোদন ডেস্ক: বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করা প্রিয়াঙ্কা চোপড়ার ঝুলিতে যুক্ত হলো আরও একটি বড় আন্তর্জাতিক চলচ্চিত্র। অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে নতুন সাই-ফাই অ্যাকশন থ্রিলার ‘ব্লুফ্লাই’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘প্রেডেটরস’খ্যাত নির্মাতা নিমরোড আন্তাল সিনেমাটি পরিচালনা করবেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শেষদিকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে সিনেমাটির মূল দৃশ্যধারণ শুরু হতে পারে। কঙ্গোর দুর্গম অঞ্চলকে কেন্দ্র করে নির্মিত হবে সিনেমাটির গল্প। সেখানে এক শোকাহত জাতিসংঘের অনুবাদককে একটি গোপন সামরিক অভিযানে যুক্ত করা হয়। অভিযানের উদ্দেশ্য একটি রহস্যময় বিমান উদ্ধার, যে উড়োজাহাজটির অস্তিত্ব থাকারই কথা ছিল না।
গল্পের একপর্যায়ে বিশেষ বাহিনীর দলটি মিলিশিয়াদের নিয়ন্ত্রিত এলাকা ও নদীপথ পেরিয়ে বিধ্বস্ত বিমানটির কাছে পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু যতই তারা গন্তব্যের কাছাকাছি যেতে থাকে, ততই স্পষ্ট হতে থাকে যে এটি কেবল একটি বিমান উদ্ধারের অভিযান নয়। এর পেছনে রয়েছে আরও গভীর ও রহস্যময় একটি উদ্দেশ্য।
‘ব্লুফ্লাই’-এর চিত্রনাট্য লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাংক ও কার্লাইল ইউব্যাংক। নির্মাতা নিমরোড আন্তালের ভাষ্য অনুযায়ী, সিনেমাটি হতে যাচ্ছে সাহসী ও উচ্চাভিলাষী একটি সায়েন্স-ফিকশন থ্রিলার। প্রিয়াঙ্কা চোপড়া ও রাসেল ক্রোর মতো তারকাদের একসঙ্গে পাওয়া প্রকল্পটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
এদিকে আন্তর্জাতিক সিনেমায় ব্যস্ততা ক্রমেই বাড়ছে প্রিয়াঙ্কা চোপড়ার। সাম্প্রতিক সময়ে ‘দ্য ব্লাফ’ ও ‘হেডস অব স্টেট’-এর মতো আন্তর্জাতিক প্রজেক্টে দেখা গেছে তাকে। একই সঙ্গে এস এস রাজামৌলির ‘বারাণসী’ সিনেমায় মহেশ বাবুর সঙ্গে অভিনয় করছেন তিনি, যা তার ভারতীয় চলচ্চিত্রে প্রত্যাবর্তনের অন্যতম আলোচিত প্রকল্প।
‘ব্লুফ্লাই’-এর মাধ্যমে প্রথমবারের মতো রাসেল ক্রোর সঙ্গে প্রিয়াঙ্কার পর্দা ভাগাভাগি করার খবর ইতোমধ্যেই আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আগ্রহ তৈরি করেছে। সিনেমাটির শুটিং ও মুক্তির সময়সূচি নিয়ে পরবর্তী সময়ে আরও বিস্তারিত ঘোষণা আসবে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :