আনন্দ বিনোদন ডেস্ক: সারাদিনের ক্লান্তির পর একটি ভালো ঘুম সবারই কাম্য। তবে অনেক সময় রাতের খাবারের ভুল নির্বাচনই সেই আরামদায়ক ঘুমের পথে বাধা হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, ডিনারে ভারী আমিষ খাবার খাওয়ার অভ্যাস ঘুমের গুণমান কমিয়ে দিতে পারে।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, প্রাণিজ প্রোটিনের তুলনায় উদ্ভিজ্জ প্রোটিন গ্রহণ করলে ঘুমের মান ভালো হয়। প্রায় ৯৮ হাজার প্রাপ্তবয়স্কের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা জানান, দিনে কতটা প্রোটিন খাওয়া হচ্ছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রোটিনের ধরন। অর্থাৎ প্ল্যান্ট প্রোটিন ঘুমের জন্য বেশি উপকারী বলে বিবেচিত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ঘুমের জন্য গুরুত্বপূর্ণ হরমোন মেলাটোনিন তৈরি হয় ট্রিপটোফান নামের একটি উপাদান থেকে। তবে প্রাণিজ প্রোটিনে থাকা কিছু উপাদান এই ট্রিপটোফানের কার্যকারিতায় বাধা সৃষ্টি করতে পারে। ফলে মেলাটোনিন উৎপাদন কমে গিয়ে ঘুমে সমস্যা দেখা দেয়। অন্যদিকে উদ্ভিজ্জ প্রোটিন সহজে মস্তিষ্কে পৌঁছে এই হরমোন তৈরিতে সহায়তা করে, যা ভালো ঘুম নিশ্চিত করে।
এছাড়া লাল মাংস যেমন গরু, খাসি বা শূকরের মাংস রাতে খাওয়া ঘুমের জন্য আরও ক্ষতিকর হতে পারে। এসব খাবার হজমে সময় নেয় এবং শরীরে অস্বস্তি তৈরি করতে পারে, যা ঘুমের ব্যাঘাত ঘটায়।
তবে সব প্রাণিজ প্রোটিন একরকম নয়। দুধজাত খাবার বা মুরগির মতো হালকা প্রোটিন তুলনামূলক কম ক্ষতিকর। তবুও বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, রাতের খাবারে শাকসবজি, ডালসহ উদ্ভিজ্জ প্রোটিনকে প্রাধান্য দিলে ঘুমের মান উন্নত হতে পারে।
আপনার মতামত লিখুন :