বিনোদন ডেস্ক: গত বছর মুক্তিপ্রাপ্ত এবং দর্শক-সমালোচকদের আলোচনায় থাকা ‘বরবাদ’ সিনেমার পর আবারও এক হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়। নতুন এই সিনেমার নাম ‘নিঃস্ব’, যা ইতোমধ্যেই চলচ্চিত্র অঙ্গনে কৌতূহল তৈরি করেছে।
জানা গেছে, নতুন এই সিনেমার আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। সেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গ্রুপ ছবি প্রকাশ করেন, যা নতুন প্রকল্পটির বিষয়ে ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘নিঃস্ব’ নির্মিত হবে অ্যাকশন, রোমান্স এবং প্রতিশোধের গল্পকে কেন্দ্র করে। ছবির নায়িকা এখনও চূড়ান্ত হয়নি। তবে নির্মাতারা উপযুক্ত অভিনেত্রী নির্বাচনের কাজ চালিয়ে যাচ্ছেন।
পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবর মাসে ছবিটির শুটিং শুরু হবে। বড় বাজেটের এই চলচ্চিত্রটি ২০২৭ সালের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে।
এর আগে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন এই প্রকল্প নিয়েও আশাবাদী নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান।
এদিকে শাকিব খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এই সিনেমাটি ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর এবার সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তেও মুক্তি পেয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) রাত ১২টা থেকে দর্শকরা অনলাইনে সিনেমাটি উপভোগ করতে পারছেন।
নতুন সিনেমা ‘নিঃস্ব’-এর মাধ্যমে আবারও বড় পর্দায় দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি গল্প নিয়ে হাজির হতে যাচ্ছেন শাকিব খান। এখন ভক্তদের অপেক্ষা শুধু সিনেমাটির নায়িকা ও আনুষ্ঠানিক ঘোষণা ঘিরে।
আপনার মতামত লিখুন :