আর্জেন্টিনা না ব্রাজিল? জার্সি বদলে ভক্তদের ধন্দে ফেললেন দীঘি
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
আনন্দ বিনোদন ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছেন দেশের শোবিজ তারকারাও। সেই তালিকায় এবার আলোচনায় এসেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পরে ছবি প্রকাশ করে ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছেন তিনি।
গত ১৩ জুন নিজের ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি শেয়ার করেন দীঘি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আজকের ম্যাচের জন্য উত্তেজিত? আমি ভীষণ উত্তেজিত।’ পোস্টটি প্রকাশের পর অনেকেই তাকে ব্রাজিল সমর্থক হিসেবে ধরে নেন।
তবে কয়েকদিনের ব্যবধানে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় আবারও নতুন একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। এবার তাকে দেখা যায় আর্জেন্টিনার জার্সিতে। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘আমার সব আর্জেন্টিনীয় ভক্তদের জন্য ভালোবাসা। শুভকামনা।’ এরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা—আসলে কোন দলের সমর্থক দীঘি?
দুই দলের জার্সি পরে দেওয়া পোস্টের কারণে অনেক নেটিজেন মজার ছলে বিষয়টিকে ‘পল্টি’ বলেও মন্তব্য করছেন। অনেকে আবার এটিকে বিশ্বকাপের উৎসবমুখর পরিবেশ উপভোগ করার একটি উপায় হিসেবেও দেখছেন।
এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও একই ধরনের আলোচনার জন্ম দিয়েছিলেন। নিজেকে আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচয় দিলেও ব্রাজিলের জার্সি পরে মাঠে খেলা দেখতে যাওয়ায় তাকে নিয়েও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছিল। সেই ঘটনার সঙ্গে মিল খুঁজেই এবার দীঘির পোস্ট নিয়েও চলছে নানা রসিকতা ও মন্তব্য।
আপনার মতামত লিখুন :