• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

রোদে পোড়া ত্বকের যত্নে তরমুজ


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 22, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

লাইফস্টাইল ডেস্ক: গ্রীষ্মের তীব্র গরমে ত্বক হয়ে পড়ে ক্লান্ত ও শুষ্ক। রোদ, ঘাম এবং ধুলাবালির কারণে সানবার্ন, লালচে ভাব ও জ্বালাপোড়ার মতো সমস্যাগুলো প্রায়ই দেখা যায়। এ থেকে মুক্তি পেতে অনেকেই দামি প্রসাধনীর দিকে ঝুঁকলেও, প্রাকৃতিক সমাধান হিসেবে তরমুজ হতে পারে অত্যন্ত কার্যকর একটি উপাদান।

রসালো এই ফলটির প্রায় ৯২ শতাংশই পানি, যা ত্বককে ভেতর থেকে আর্দ্র রাখতে সাহায্য করে। এছাড়া এতে থাকা ভিটামিন এ, সি এবং লাইকোপেন ত্বকের ক্ষতিগ্রস্ত অংশ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে হওয়া প্রদাহ কমাতেও তরমুজের অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান সহায়ক।

ত্বকের যত্নে তরমুজ ব্যবহারের পদ্ধতিও সহজ। বাইরে থেকে এসে ত্বকে জ্বালাপোড়া অনুভব করলে তরমুজের রস বরফ করে নিয়ে ত্বকে আলতোভাবে ব্যবহার করলে তাৎক্ষণিক আরাম পাওয়া যায়। এটি ত্বকের তাপমাত্রা কমিয়ে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে।

মরা কোষ দূর করতে তরমুজ দিয়ে তৈরি স্ক্রাবও বেশ কার্যকর। এক কাপ চিনি, আধা কাপ নারকেল তেল এবং কয়েক চামচ ম্যাশ করা তরমুজ মিশিয়ে স্নানের সময় ব্যবহার করলে ত্বক নরম ও মসৃণ হয়।

রোদে পোড়া দাগ দূর করতে তরমুজের রসের সঙ্গে শসার রস মিশিয়ে নিয়মিত ব্যবহার করা যেতে পারে। এছাড়া ত্বকের উজ্জ্বলতা ফেরাতে তরমুজ ও টকদইয়ের ফেসপ্যাকও উপকারী।

তবে যেকোনো প্রাকৃতিক উপাদান ব্যবহারের আগে ত্বকের একটি ছোট অংশে পরীক্ষা করে নেওয়া উচিত, যাতে অ্যালার্জির ঝুঁকি এড়ানো যায়। আর মনে রাখতে হবে, তরমুজ ত্বকের যত্নে সহায়ক হলেও এটি সানস্ক্রিনের বিকল্প নয়। রোদে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।

প্রতিদিনের খাদ্যতালিকার পাশাপাশি স্কিন কেয়ার রুটিনে তরমুজ যোগ করলে গরমের এই সময়েও ত্বক থাকবে সতেজ, কোমল ও প্রাণবন্ত।