আনন্দ বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া নির্মাতা নুহাশ হুমায়ূন এবার তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ব্যস্ত সময় পার করছেন। ‘মুভিং বাংলাদেশ’ শিরোনামের এই সিনেমার শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন ও চঞ্চল চৌধুরী। জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশনে টানা কয়েক দিনের শুটিংও সম্পন্ন হয়েছে।
সিনেমার গল্পে উঠে আসবে এক মোটরবাইক চালকের জীবনসংগ্রাম, স্বপ্ন আর বাস্তবতার নানা দিক। নির্মাতার মতে, এটি শুধু একজন মানুষের গল্প নয়; বরং সময়ের প্রতিচ্ছবি, যেখানে তরুণ প্রজন্মের চ্যালেঞ্জ এবং সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে। প্রায় ছয় বছর ধরে এই চলচ্চিত্রের চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন নুহাশ।
প্রকল্পটি ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ তৈরি করেছে। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ও ফান্ড থেকে চিত্রনাট্যটি অনুদান পেয়েছে। দেশের প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি সংস্থাও এতে যুক্ত রয়েছে। শুটিং চলবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত, এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।
জানা গেছে, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে এক নতুন মুখকে, যাকে দীর্ঘ অডিশনের মাধ্যমে নির্বাচন করা হয়েছে। শুরু থেকেই আন্তর্জাতিক সহযোগিতা পাওয়ায় ‘মুভিং বাংলাদেশ’ নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ দিন দিন বাড়ছে।
আপনার মতামত লিখুন :