দুই বছর পর বড় পর্দায় মৌসুমী, ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ মুক্তি ১৫ মে
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : May 2, 2026 ইং
আনন্দ বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করলেও অভিনয়ের সঙ্গে তার সম্পৃক্ততা এখনও রয়েছে। প্রবাসজীবনের বাস্তবতা ও সামাজিক সংকটকে কেন্দ্র করে নির্মিত তার নতুন সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৫ মে।
সিনেমাটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, যেখানে তুলে ধরা হয়েছে এক বিবাহিত নারীর বিদেশে গিয়ে দ্বিতীয় বিয়ের জটিলতা এবং সেই প্রেক্ষাপটে সামাজিক ও নৈতিক প্রশ্ন। নির্মাতার ভাষ্য অনুযায়ী, গল্পটির মধ্য দিয়ে নারীর সম্মান ও মর্যাদার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
পরিচালক জানান, সিনেমাটির শুটিং অনেক আগেই সম্পন্ন হয়েছে এবং চলতি বছরের মার্চে এটি সেন্সর সনদ পেয়েছে। ছবির প্রায় ৮০ শতাংশ দৃশ্য ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রে, বাকি কাজ সম্পন্ন হয়েছে দেশে। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই গল্পের উপাদান নেওয়া হয়েছে বলে জানান তিনি।
নির্মাতার মতে, প্রতিবছর বহু মানুষ বিদেশে পাড়ি জমালেও তাদের জীবনসংগ্রামের বাস্তবতা অনেক সময় আড়ালেই থেকে যায়। সেই অজানা গল্পগুলোই ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’-এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তিনি আরও জানান, সিনেমাটি শুধু বাংলাদেশেই নয়, যুক্তরাষ্ট্র, কানাডাসহ কয়েকটি দেশেও একযোগে মুক্তি পাবে।
উল্লেখ্য, মৌসুমীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘সোনার চর’। প্রায় দুই বছর পর এই চলচ্চিত্রের মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। নির্মাতা আরও জানিয়েছেন, সিনেমাটির টেলিভিশন স্বত্ব ইতোমধ্যেই বিক্রি করা হয়েছে এবং ঈদ উপলক্ষে এর ওয়ার্ল্ড প্রিমিয়ারও প্রচারিত হবে।
আপনার মতামত লিখুন :