• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ব্রেট লি, জানালেন আসল সত্য


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা ব্রেট লি একসময় শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ছিলেন অন্যতম জনপ্রিয় মুখ। কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমান পাঞ্জাব কিংস) ও পরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময় বলিউড অভিনেত্রী ও তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাবের সহ-মালিক প্রীতি জিনতার সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে দীর্ঘদিন পর সেই জল্পনার অবসান ঘটিয়ে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অজি কিংবদন্তি।

সম্প্রতি বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি বলেন, তিনি কখনোই কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি। প্রীতি জিনতার প্রসঙ্গে তিনি জানান, তাদের মধ্যে সবসময়ই আন্তরিক বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং এখনও রয়েছে। প্রীতির বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব ও পেশাদারিত্বের প্রশংসা করে লি বলেন, তিনি তাকে গভীরভাবে সম্মান করেন। বিভিন্ন সময় ছড়িয়ে পড়া গুঞ্জনকে তিনি কখনো গুরুত্ব দেননি, কারণ বাস্তবতা সম্পর্কে তিনি নিজেই পরিষ্কার ছিলেন।

এটি অবশ্য প্রথমবার নয়। এর আগেও ২০১১ সালে এক অনুষ্ঠানে ব্রেট লি একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। তখনও তিনি বলেছিলেন, আইপিএলে একসঙ্গে কাজ করার সুবাদে প্রীতি জিনতার সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠেছিল এবং ভারতে তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন ছিলেন এই অভিনেত্রী। তবে সেই বন্ধুত্বকে কেন্দ্র করেই অযথা প্রেমের গুঞ্জন তৈরি হয়েছিল।

অন্যদিকে, এসব গুঞ্জনে বিরক্তি প্রকাশ করেছিলেন প্রীতি জিনতাও। ২০১০ সালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (তৎকালীন টুইটার) দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট লিখেছিলেন, নিজের দলের ক্রিকেটারদের সঙ্গে তার নাম জড়িয়ে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। তিনি জানিয়েছিলেন, সে সময় তিনি সম্পূর্ণ সিঙ্গেল ছিলেন এবং কোনো ক্রিকেটারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি। ভবিষ্যতে এমন কিছু ঘটলে তিনি নিজেই তা সবার সামনে জানাবেন বলেও উল্লেখ করেছিলেন।

ক্রিকেট থেকে অবসরের পর ব্রেট লি এখন ধারাভাষ্য, বিশ্লেষণ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ৭৬টি টেস্টে ৩১০টি এবং ২২১টি ওয়ানডেতে ৩৮০টি উইকেট শিকার করেন এই কিংবদন্তি পেসার।

অন্যদিকে, প্রীতি জিনতা ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে জিন গুডএনাফকে বিয়ে করেন। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হন তিনি। দীর্ঘ বিরতির পর রাজকুমার সন্তোষী পরিচালিত এবং আমির খান প্রযোজিত ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরতে প্রস্তুতি নিচ্ছেন এই বলিউড তারকা।