আনন্দ বিনোদন ডেস্ক: মানুষের খাদ্য হিসেবে ঘোড়ার মাংস বিক্রি এবং এ সংক্রান্ত বাণিজ্যিক কার্যক্রম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি আগামী ৯০ দিনের মধ্যে এ বিষয়ে একটি সমন্বিত গাইডলাইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (৭ জুন) অভিনেত্রী জয়া আহসান-এর করা একটি রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন। রিটে অভিযোগ করা হয়, অসুস্থ ও অনুপযুক্ত প্রাণীর মাংস প্রতারণার মাধ্যমে মানুষের খাদ্য হিসেবে বাজারে বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
আবেদনে আরও উল্লেখ করা হয়, এ সংক্রান্ত পূর্ববর্তী অভিযোগগুলোর নিষ্পত্তি নিশ্চিত করা, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গাজীপুরে উন্মোচিত অবৈধ ঘোড়ার মাংস বাণিজ্যের বিষয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিস্তারিত তদন্ত পরিচালনা করা প্রয়োজন। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।
রিটকারীরা আদালতের কাছে ৬০ দিনের মধ্যে একটি জাতীয় কর্মপরিকল্পনা ও নির্দেশিকা তৈরির আবেদনও জানান। এছাড়া বাজেয়াপ্ত ও অসুস্থ ঘোড়ার নিলাম বন্ধ করা, উদ্ধার হওয়া প্রাণীদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের জন্য উপযুক্ত পুনর্বাসন কেন্দ্র বা অভয়ারণ্য গড়ে তোলার দাবিও উত্থাপন করা হয়।
আবেদনে বলা হয়েছে, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে। পাশাপাশি প্রাণীদের প্রতি নিষ্ঠুর আচরণ অব্যাহত থাকার আশঙ্কাও রয়েছে। আদালতের এ নির্দেশনা বিষয়টিকে নিয়ন্ত্রণে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :