লাইফস্টাইল ডেস্ক: গরমের তীব্রতায় শুধু শরীরই নয়, মাথার ত্বক বা স্ক্যাল্পও ঘামে ভিজে যাচ্ছে। রোদ, ধুলোবালি ও দূষণের কারণে অনেকের মাথায় চুলকানি, জ্বালাপোড়া এমনকি ছোট ছোট ফুসকুড়ির সমস্যাও দেখা দিচ্ছে। তবে এসব সমস্যার সমাধানে ঘরোয়া কিছু সহজ উপায় বেশ কার্যকর হতে পারে।
প্রাকৃতিক উপাদানের মধ্যে অ্যালোভেরা জেল স্ক্যাল্প ঠান্ডা রাখতে দারুণ কাজ করে। টাটকা জেল ব্লেন্ড করে সরাসরি মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেললে জ্বালাপোড়া কমে এবং স্ক্যাল্পের পিএইচ ভারসাম্য বজায় থাকে।
নিম পাতা প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল হিসেবে সংক্রমণ রোধে সহায়ক। নিম পাতা বেটে ব্যবহার করা যায়, আবার পাতা ফুটানো পানি দিয়েও চুল ধুলে উপকার পাওয়া যায়।
টক দই স্ক্যাল্পকে শান্ত করতে এবং খুশকি কমাতে কার্যকর। ফেটানো দই চুলে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেললে এটি কন্ডিশনারের মতো কাজ করে এবং চুল নরম রাখে।
খুশকিজনিত চুলকানির ক্ষেত্রে লেবুর রস উপকারী। তবে শুষ্ক স্ক্যাল্প হলে লেবুর রসের সঙ্গে নারকেল তেল মিশিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেললেই উপকার মিলবে।
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, গরমের সময় কড়া কেমিক্যালযুক্ত শ্যাম্পু এড়িয়ে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করা উচিত। পাশাপাশি বাইরে বের হলে স্কার্ফ বা ছাতা ব্যবহার করলে সরাসরি রোদ থেকে মাথার ত্বক সুরক্ষিত রাখা যায়।
আপনার মতামত লিখুন :