আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2026 ইং
আনন্দ বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়ের ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা কনসার্টটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানটির মাত্র একদিন আগে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ এ সিদ্ধান্তের কথা জানায়।
আগামী শুক্রবার ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামে কনসার্টটি আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। আয়োজকদের দাবি, প্রয়োজনীয় সরকারি অনুমোদনসহ সব ধরনের প্রস্তুতি শেষ ছিল। তবে অনিবার্য পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুষ্ঠানটি আপাতত স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলে আয়োজকরা কনসার্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, যেসব দর্শক ইতোমধ্যে টিকিট সংগ্রহ করেছেন, তাদের সবাইকে নির্ধারিত টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। পাশাপাশি কনসার্ট পুনঃনির্ধারণের সম্ভাবনা এবং অর্থ ফেরতের প্রক্রিয়া সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অনুপম রায় নিজেও। তিনি জানান, বৃহস্পতিবার সকালে আয়োজকদের কাছ থেকে অনুষ্ঠানটি স্থগিত হওয়ার খবর পেয়েছেন।
উল্লেখ্য, ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের এই বিশেষ সংগীত আয়োজনটি যৌথভাবে আয়োজন করছিল ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনস। অনুষ্ঠানে অনুপম রায় ও তার ব্যান্ডের পাশাপাশি ‘বেঙ্গল সিম্ফনি’র পরিবেশনাও থাকার কথা ছিল।
আপনার মতামত লিখুন :