• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

কারিনা কায়সারের মরদেহ দেশে আসছে রোববার, সোমবার মুন্সীগঞ্জে দাফন


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : May 16, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:   অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ আগামীকাল রোববার (১৭ মে) দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন তার বাবা এবং জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। তিনি জানান, বিকেল তিনটার দিকে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পরে বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় তাকে দাফন করা হবে। কারিনার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর শোক নেমে এসেছে।

গত কয়েক দিন ধরে লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ ছিলেন কারিনা কায়সার। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুল্যান্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা ফুসফুসের চিকিৎসার পাশাপাশি লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও নিচ্ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শুরুতে জ্বর ও সংক্রমণে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’-এর জটিলতা ধরা পড়ে। এর ফলে লিভার ফেইলিউর দেখা দিলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে পরিচিতি পাওয়া কারিনা কায়সার সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য রচনায়ও সক্রিয় ছিলেন। তার অভিনীত ও লেখা উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। মৃত্যুর খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করছেন সহকর্মী, নির্মাতা ও ভক্তরা।