আনন্দ বিনোদন ডেস্ক: পপসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’ আগামী ২৪ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটি নির্মাণ করেছে লায়ন্সগেট এবং মুক্তির আগে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত প্রিমিয়ার শোতে এটি প্রদর্শিত হয়। সেখানে উপস্থিত দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে।
এই সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন। তার অভিনয়, কণ্ঠস্বর ও নাচের ভঙ্গিতে কিংবদন্তি এই শিল্পীর ছায়া ফুটে উঠেছে বলে দর্শকদের মন্তব্য। প্রিমিয়ার শেষে উপস্থিত অতিথিরা দাঁড়িয়ে তাকে সম্মান জানান, যা সিনেমাটির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
পরিচালক এন্টোইন ফুকুয়া চলচ্চিত্রটিতে মাইকেল জ্যাকসনের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরেছেন। নির্মাণশৈলী ও অভিনয়ের সমন্বয়ে ছবিটি সংগীতভিত্তিক বায়োপিক হিসেবে নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রত্যাশা, ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৭০ কোটি ডলার আয় করতে সক্ষম হবে।
তবে ইতিবাচক আলোচনা ছাড়াও কিছু বিতর্ক রয়েছে সিনেমাটি ঘিরে। মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগের বিষয় চিত্রনাট্যে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা থাকলেও আইনি জটিলতার কারণে তা পরিবর্তন করতে হয়েছে। এর ফলে নির্মাণ ব্যয়ও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
সব মিলিয়ে ‘মাইকেল’ সিনেমাটি মুক্তির আগেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং এটি সংগীতভিত্তিক চলচ্চিত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :