• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

আবারও স্থগিত চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: আবারও অনিশ্চয়তার মধ্যে পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। ৮ আগস্ট ভোটগ্রহণের দিন নির্ধারিত থাকলেও হাইকোর্টের নির্দেশে নির্বাচন এবং এর সঙ্গে সম্পর্কিত সব কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, গুলশান থানাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ও চিত্রনায়ক উজ্জ্বল, যার পুরো নাম আশরাফ উদ্দিন আহমেদ, বৃহস্পতিবার হাইকোর্টে একটি রিট আবেদন করেন। সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে করা ওই আবেদনে এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনালে বিচারাধীন একটি মামলার বিষয়টি তুলে ধরা হয়। রিটে অভিযোগ করা হয়, মামলা চলমান থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি।

রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মো. বদরুদ্দোজা ও সিনিয়র অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান আসাদ। তাদের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. খাইরুল আলম। শুনানি শেষে আদালত রুল জারির পাশাপাশি এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনালের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্ধারিত নির্বাচনসহ সংশ্লিষ্ট কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন।

আদালতের রুলে বিবাদীপক্ষকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, নির্বাচন স্থগিতের বিষয়ে তাদের নিষ্ক্রিয়তাকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও অকার্যকর ঘোষণা করা হবে না। এদিকে সমিতির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আদালতের পূর্ণাঙ্গ আদেশ হাতে পাওয়ার পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সমিতির নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা ধরনের আইনি ও সাংগঠনিক জটিলতা রয়েছে। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ২৭ জুলাই। এরপর একাধিকবার নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ভোটার তালিকা, ভোটাধিকার এবং সমিতির গঠনতন্ত্র নিয়ে বিরোধের কারণে কয়েক দফা নির্বাচন প্রক্রিয়া থমকে যায়।

এর আগে ২০২২ সালের ২১ মে ভোটগ্রহণের দিনও হাইকোর্টের নির্দেশে নির্বাচন স্থগিত হয়েছিল। একই টিআইএনের আওতায় একাধিক ব্যক্তির ভোটার হওয়ার অভিযোগের পর আদালত নতুন ভোটার তালিকা তৈরির নির্দেশ দেন। পরবর্তী সময়ে চলতি বছরের এপ্রিলে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তখন ভোটব্যবস্থায় পরিবর্তন এনে জানানো হয়, একজন প্রযোজক যতগুলো চলচ্চিত্রই নির্মাণ করুন না কেন, ভোটার হিসেবে তার একটি ভোটই গণ্য হবে।

নতুন তফসিল অনুযায়ী প্রথমে ১১ জুলাই নির্বাচন আয়োজনের কথা থাকলেও পরে তা পিছিয়ে ৮ আগস্ট নির্ধারণ করা হয়। সদস্যপদ নবায়ন ও ভোটার তালিকা হালনাগাদের বিভিন্ন প্রক্রিয়া শেষে নির্বাচন আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু সর্বশেষ হাইকোর্টের আদেশে সেই উদ্যোগ আবারও আটকে গেল। ফলে কবে নাগাদ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।