আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Mar 30, 2026 ইং
আনন্দ বিনোদন ডেস্ক: বর্ষীয়ান অভিনেতা প্রকাশ রাজের মা সুভর্ণলতা আর নেই। ৮৬ বছর বয়সে রোববার সকালে বেঙ্গালুরুর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। একই দিনে বেঙ্গালুরুতেই তার শেষকৃত্য সম্পন্ন করা হয়, যেখানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
প্রকাশ রাজের জীবনে তার মায়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৈশব থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হয়েছেন সুভর্ণলতা। জানা যায়, হুবলির একটি এতিমখানায় তার জীবনের একটি বড় সময় কেটেছে। পরবর্তীতে তিনি নার্স হিসেবে কাজ শুরু করেন এবং উন্নত জীবনের আশায় বেঙ্গালুরুতে স্থায়ী হন। সংসারের কঠিন সময়ে একাই পরিবারের দায়িত্ব সামলেছেন তিনি, বিশেষ করে স্বামীর মদ্যপানের কারণে সৃষ্ট জটিল পরিস্থিতিতেও দৃঢ়ভাবে পরিবারকে আগলে রেখেছেন।
সুভর্ণলতা খ্রিষ্টান পরিবারে জন্মগ্রহণ করলেও প্রকাশ রাজের বাবা মঞ্জুনাথ রাই ছিলেন হিন্দু। এই ভিন্নধর্মী সাংস্কৃতিক পরিবেশেই বড় হয়েছেন প্রকাশ রাজ, যা তার দৃষ্টিভঙ্গি ও ব্যক্তিত্ব গঠনে বিশেষ প্রভাব ফেলেছে। তিন সন্তানের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ। তার ভাই প্রসাদ রাজও একসময় অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন।
তার মৃত্যুর খবরে ভক্ত, সহকর্মী এবং বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণও প্রকাশ রাজ ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ব্যক্তিগত ও রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও এই সহমর্মিতার বার্তা পারস্পরিক শ্রদ্ধারই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :