বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে অভিনেত্রী মুক্তির পক্ষে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তির সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে তার জন্য ভোট ও দোয়া চেয়েছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, এ নির্বাচনে অন্য কোনো প্রার্থীর পক্ষে তিনি প্রকাশ্যে অবস্থান নিচ্ছেন না।
সোমবার (২৯ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে মুক্তির সঙ্গে একটি ছবি পোস্ট করেন ওমর সানী। ছবির ক্যাপশনে তিনি লেখেন,
“মুক্তি, তোমার মায়ের কাছে আমি ঋণী। ‘চাঁদের আলো’ তৈরি হওয়ার সময় যে কজন সিনিয়র মানুষ ছিলেন, তাঁদের মধ্যে আনোয়ারা আন্টি অন্যতম। তাই ‘চাঁদের আলো’ হয়েছিল। আর তুমি ছিলে আমার প্রথম নায়িকা। তাই শিল্পী সমিতির নির্বাচনে তোমার জন্য দোয়া এবং ভোট প্রার্থনা করছি।”
পোস্টে স্ত্রী মৌসুমীর পক্ষ থেকেও মুক্তির জন্য ভোট প্রার্থনা করেন ওমর সানী। তিনি লেখেন,
“আর কারো জন্য আমি ওপেন নই। তাই আমি আর মৌসুমী তোমার ভোট প্রার্থনা করছি। আমার দায়িত্ব পালন করলাম।”
ওমর সানীর এই পোস্ট প্রকাশের পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তিনি প্রকাশ্যে শুধুমাত্র মুক্তির পক্ষে সমর্থন জানানোয় বিষয়টি চলচ্চিত্রাঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
আপনার মতামত লিখুন :