আনন্দ বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খান নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। প্রখ্যাত প্রযোজক দিল রাজুর ব্যানারে নির্মিত ‘এসভিসি৬৩’ (সাময়িক নাম) ছবির শুটিং আগামী ১৮ এপ্রিল থেকে মুম্বাইয়ে শুরু হবে। অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমাটি ২০২৭ সালের ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।
মুম্বাইয়ের গোরেগাঁওয়ের এসআরপিএফ গ্রাউন্ডে প্রথম ধাপের শুটিং শুরু হবে, যেখানে শহরের আদলে বিশাল সেট তৈরি করা হয়েছে। এখানে সালমান খান একটি বড় অ্যাকশন দৃশ্যে অংশ নেবেন। নির্মাতারা জানিয়েছেন, পরবর্তী তিন মাস মুম্বাইসহ ভারতের বিভিন্ন লোকেশনে টানা শুটিং চলবে এবং ২০২৬ সালের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ছবিটি পরিচালনা করছেন দক্ষিণী নির্মাতা ভামসি পাইদিপল্লি। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করবেন নয়নতারা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনিল কাপুর ও অরবিন্দ স্বামী।
এদিকে সালমান খানের আরেকটি সিনেমা ‘মাতৃভূমি’র মুক্তি আপাতত স্থগিত করা হয়েছে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই যুদ্ধভিত্তিক ছবিটি ১৭ এপ্রিল মুক্তির কথা থাকলেও বিষয়বস্তুর কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
আপনার মতামত লিখুন :