আনন্দ বিনোদন ডেস্ক: দেশের বিভিন্ন প্রান্তের অজানা গল্প ও সংস্কৃতিকে তুলে ধরতে শুরু হয়েছে ‘গানচিল পথের গল্প’ শিরোনামের একটি ট্রাভেল ডকুমেন্টারি সিরিজ। নির্মাতা মোহাম্মদ আলী-এর পরিচালনায় ২৩ এপ্রিল থেকে সিরিজটির যাত্রা শুরু হয়। রাজধানীর এক ক্যাফেতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদন ও সংস্কৃতি অঙ্গনের নানা ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া আহসান, সাংবাদিক মোহসীন-উল-হাকিমসহ ভ্রমণপ্রেমী ও কনটেন্ট নির্মাতারা। উদ্বোধনী আয়োজনে হবিগঞ্জের চা-বাগানের শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। প্রথম পর্ব হিসেবে প্রদর্শিত হয় ‘কাছিমের বাপ’, যেখানে এক ব্যক্তির দীর্ঘদিনের পরিবেশ রক্ষার সংগ্রাম তুলে ধরা হয়েছে।
প্রথম পর্বে দেখা যায়, আব্দুল লতিফ নামের এক ব্যক্তি প্রায় ২৪ বছর ধরে কচ্ছপের ডিম সংগ্রহ করে তা থেকে বাচ্চা ফুটিয়ে সমুদ্রে ছেড়ে দিচ্ছেন। এ পর্যন্ত তিনি ৫০ হাজারেরও বেশি কচ্ছপকে নতুন জীবন দিয়েছেন বলে জানা গেছে। বিষয়টি দর্শকদের গভীরভাবে নাড়া দিয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জয়া আহসান বলেন, ব্যস্ত জীবনে আমরা আশপাশের এমন গল্পগুলো দেখার সুযোগ হারিয়ে ফেলি। তিনি এই ধরনের আরও গল্প তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন। অন্যদিকে, গানচিলের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল জানান, নতুন প্রজন্মের জন্য ভিন্নভাবে বাংলাদেশকে তুলে ধরাই তাদের লক্ষ্য।
নির্মাতা মোহাম্মদ আলী বলেন, এই সিরিজের মাধ্যমে দেশের লুকিয়ে থাকা গল্পগুলো নতুনভাবে দর্শকদের সামনে আনতে চান তিনি। ‘গানচিল পথের গল্প’ সিরিজের পর্বগুলো ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে নিয়মিত প্রকাশ করা হবে।
আপনার মতামত লিখুন :