• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

অ্যালবামের নাম নিয়ে টেইলর সুইফটের বিরুদ্ধে মামলা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: অ্যালবামের শিরোনাম নিয়ে আইনি জটিলতায় পড়েছেন মার্কিন পপতারকা টেইলর সুইফট। ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ নাম ব্যবহারকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা করেছেন লেখক ও গায়িকা ম্যারেন ওয়েড।

সোমবার ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ওয়েড ইউএমজি রেকর্ডিংস এবং সুইফটের বিরুদ্ধে ট্রেডমার্ক লঙ্ঘন ও অন্যায্য প্রতিযোগিতার অভিযোগ আনেন। তার দাবি, দীর্ঘ ১২ বছর ধরে গড়ে তোলা ‘কনফেশনস অব আ শোগার্ল’ ব্র্যান্ডের সঙ্গে সুইফটের অ্যালবামের নামের মিল থাকায় বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এবং তার প্রতিষ্ঠিত ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাদীপক্ষ আদালতের কাছে অনুরোধ জানিয়েছে, সুইফট যেন এই নামে অ্যালবাম ব্যবহার করা থেকে বিরত থাকেন। পাশাপাশি আর্থিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ, আইনজীবীর ফি এবং অন্যান্য ক্ষতিরও দাবি জানানো হয়েছে।

ম্যারেন ওয়েড ২০১৪ সালে ‘লাস ভেগাস উইকলি’-তে ‘কনফেশনস অব আ শোগার্ল’ শিরোনামে একটি কলাম শুরু করেন, যা পরবর্তীতে পডকাস্ট ও লাইভ শোতে রূপ নেয়। ২০১৫ সালে তিনি এই নামের ট্রেডমার্ক নিবন্ধন করেন।

অন্যদিকে, গত বছর টেইলর সুইফট তার দ্বাদশ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ প্রকাশ করেন, যা বিক্রির দিক থেকে বড় সাফল্য পায়। তবে অভিযোগ রয়েছে, এই নাম নিবন্ধনের জন্য আবেদন করলে মার্কিন পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস তা প্রত্যাখ্যান করেছিল, কারণ এটি ওয়েডের নিবন্ধিত নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

এ ঘটনায় এখনো টেইলর সুইফট বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।