• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

রমনা পার্কে শিশুদের নিয়ে ‘প্রকৃতিপাঠ পাঠশালা’র যাত্রা, প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব গড়ার ব্যতিক্রমী উদ্যোগ


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
ছবির ক্যাপশন: আনন্দ বিনোদন ad728

আনন্দ বিনোদন ডেস্ক: শিশুদের প্রকৃতির কাছাকাছি নিয়ে যেতে এবং পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলতে নতুন উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছে ‘প্রকৃতিপাঠ পাঠশালা’। এ উপলক্ষে রাজধানীর রমনা পার্কে সম্প্রতি আয়োজন করা হয় ‘গাছগাছালির গল্পকথা’ শীর্ষক একটি ন্যাচার ক্যাম্প। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই আয়োজনে ৫ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকেরাও অংশ নেন।

ক্যাম্পের শুরুতে বিভিন্ন পরিচিতিমূলক ও আনন্দঘন কার্যক্রমের মাধ্যমে শিশুদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে তারা রমনা পার্কের বিভিন্ন প্রজাতির গাছ সম্পর্কে জানার সুযোগ পায়। শিক্ষার্থীরা গাছের পাতা সংগ্রহ করে নোটপ্যাডে সেগুলোর নাম ও বৈশিষ্ট্য লিপিবদ্ধ করে। পাশাপাশি পাতা দেখে ছবি আঁকার মতো সৃজনশীল কর্মকাণ্ডেও অংশ নেয় তারা।

আয়োজকদের ভাষ্য, বর্তমান সময়ে শিশুদের বড় একটি অংশ মোবাইল ফোন, ট্যাব ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের পর্দায় সময় কাটায়। এই প্রবণতা থেকে তাদের বের করে এনে প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ছোটবেলা থেকেই প্রকৃতিকে জানার মধ্য দিয়ে পরিবেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি হবে বলেও তারা মনে করেন।

ক্যাম্পে শিশুদের হাতে-কলমে পরিবেশ শিক্ষা দিতে মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যানের সাবেক প্রধান বোটানিস্ট শামসুল হক, উদ্ভিদবিদ ও স্থপতি তুঘলক আজাদ মিঠু, পরিবেশবিষয়ক লেখক মৃত্যুঞ্জয় রায় এবং খাদিজা বাপ্পী। গল্প, পর্যবেক্ষণ ও ব্যবহারিক কার্যক্রমের মাধ্যমে তারা গাছ, ফুল, পাতা ও প্রকৃতির নানা বিষয় সহজ ভাষায় শিশুদের সামনে তুলে ধরেন।

আয়োজনে অংশ নেওয়া অভিভাবকেরা এমন উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। তাদের মতে, নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা এবং পরিবেশ সচেতনতা আরও সমৃদ্ধ হবে।

প্রকৃতিপাঠ পাঠশালার উদ্যোক্তা ও এভারেস্টজয়ী ইকরামুল হাসান শাকিল বলেন, শিশুদের মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রকৃতির সঙ্গে তাদের বন্ধন তৈরি করা জরুরি। তিনি জানান, পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে আনন্দ, অনুসন্ধান ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিশুদের শেখার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকৃতিপাঠ পাঠশালার সহ-উদ্যোক্তা পর্বতারোহী সাদিয়া সুলতানা, আনন্দ বিনোদন ম্যাগাজিনের সম্পাদক এসএএম সুমনসহ বিভিন্ন অঙ্গনের অতিথিরা। আয়োজন শেষে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, ‘প্রকৃতিপাঠ পাঠশালা’ ব্রেথ অব ন্যাচার (বন) ফাউন্ডেশনের একটি শিক্ষা কার্যক্রম। ভবিষ্যতে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের প্রকৃতিনির্ভর শিক্ষামূলক আয়োজন পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।