আনন্দ বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন অবশেষে তার ব্যক্তিজীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়—বিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বলেছেন। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানান, সম্পর্কটি ভেঙে গেলেও সেটিকে ভুল সিদ্ধান্ত হিসেবে দেখেন না তিনি।
তানজিকা বলেন, দুজন মানুষ ভালো হলেও সব সময় একসঙ্গে ভালো থাকা সম্ভব হয় না। তার ভাষায়, সাবেক স্বামী এনামুল করিম নির্ঝর একজন ভালো মানুষ এবং বর্তমানে নিজের জীবনে ভালো আছেন। একইভাবে তিনিও নিজের মতো করে ভালো আছেন, তবে একসঙ্গে পথচলা তাদের হয়নি।
তিনি আরও জানান, কোনো সম্পর্ক কাজ না করলে সেটিকে অনেকেই ভুল সিদ্ধান্ত হিসেবে দেখেন, কিন্তু তিনি তা মনে করেন না। তার মতে, বিয়ের সময়টা ছিল সুন্দর এবং সেই সময়ের স্মৃতি তিনি উপভোগ করেছেন। বিচ্ছেদকে তিনি ‘অনাকাঙ্ক্ষিত’ বললেও এতে কোনো অনুশোচনা নেই বলে জানান এই অভিনেত্রী।
২০০৪ সালে ‘লাক্স-আনন্দধারা মিস ফটোজেনিক’ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেন তানজিকা। দীর্ঘ ক্যারিয়ারে তুলনামূলক কম কাজ করলেও সাম্প্রতিক সময়ে ওটিটি সিরিজ মহানগর ২-এ অভিনয়ের মাধ্যমে আবারও আলোচনায় আসেন তিনি।
ব্যক্তিজীবনে বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই ছিলেন তানজিকা। পরে ২০২৪ সালের ডিসেম্বরে পারিবারিক আয়োজনে নতুন করে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি, যা তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে।
আপনার মতামত লিখুন :