বিশ্বকাপে ইতিহাস: ফাইনালের হাফটাইমে ম্যাডোনা-শাকিরা-বিটিএস এক মঞ্চে
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : May 14, 2026 ইং
আনন্দ বিনোদন ডেস্ক: ফুটবল বিশ্বকাপ মানেই বৈশ্বিক উৎসব। সেই উৎসবকে এবার নতুন উচ্চতায় নিতে যাচ্ছে ফিফা। ইতিহাসে প্রথমবারের মতো ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে একটি হাফটাইম শো, যেখানে এক মঞ্চে পারফর্ম করবেন বিশ্বসংগীতের তিন তারকা—ম্যাডোনা, শাকিরা ও কে-পপ ব্যান্ড বিটিএস।
ফিফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে এই আয়োজন দেখা যাবে। এই হাফটাইম শো ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে, যেখানে খেলা ও বিনোদন একসঙ্গে মিলবে বৈশ্বিক দর্শকদের সামনে।
এই আয়োজনের কিউরেটর হিসেবে থাকছেন ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। জানা গেছে, বিশ্বব্যাপী শিক্ষা ও ফুটবল উন্নয়নের জন্য তহবিল সংগ্রহের একটি সামাজিক উদ্যোগের সঙ্গেও যুক্ত থাকবে এই অনুষ্ঠান।
শাকিরার জন্য এই মঞ্চ নতুন নয়। ২০১০ সালের বিশ্বকাপের ‘ওয়াকা ওয়াকা’ গান দিয়ে তিনি আগেই ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করেছিলেন। অন্যদিকে ম্যাডোনা পপসংগীতের কিংবদন্তি এবং বিটিএস বর্তমান সময়ের সবচেয়ে প্রভাবশালী সংগীতদলগুলোর একটি। ফলে এই তিন শক্তির একত্রে পারফরম্যান্স বিশ্বজুড়ে বিরল এক উন্মাদনা তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশ্বকাপ ফাইনাল এমনিতেই বিশ্বের সবচেয়ে বেশি দর্শকপ্রিয় ক্রীড়া আয়োজনগুলোর একটি। তার সঙ্গে এই ধরনের বিশাল আয়োজন যুক্ত হওয়ায় ২০২৬ আসরটি বিনোদন ও ক্রীড়ার এক অনন্য সম্মিলন হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সবার।
আপনার মতামত লিখুন :