• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

গ্রেপ্তার ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন, মুখ খুললেন চিত্রনায়িকা ববি


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  প্রতারণার একাধিক অভিযোগে গ্রেপ্তার হওয়া বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি। তাঁর দাবি, ব্যবসায়ী আবুল বাশারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কিংবা বৈবাহিক সম্পর্কের যে খবর প্রচার করা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ববি বলেন, কিছু গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম তাঁকে আবুল বাশারের ‘স্ত্রী’ বা ‘কথিত স্ত্রী’ হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব প্রচারণার মাধ্যমে তাঁর ব্যক্তিগত সম্মানহানি এবং বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

অভিনেত্রী আরও বলেন, ভিউ বাড়ানোর উদ্দেশ্যে একটি মহল ইচ্ছাকৃতভাবে তাঁর নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। তবে দেশের দায়িত্বশীল সাংবাদিকতা ও গণমাধ্যমের প্রতি তাঁর আস্থা রয়েছে। যারা যাচাই-বাছাই ছাড়া এমন সংবাদ প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

ববি বলেন, “আমাকে দীর্ঘদিন ধরে সবাই চেনেন। যদি আমি কখনো বিয়ের মতো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিই, তাহলে সেটি আমি নিজেই সবার সঙ্গে শেয়ার করব।” তিনি ভক্ত-অনুরাগীদের বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করারও আহ্বান জানান।

এদিকে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চাকরি দেওয়ার প্রলোভন, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির গরু কেনার নামে অর্থ আত্মসাতের অভিযোগে মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে আগে থেকেই প্রতারণার মামলা ছিল এবং দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-১ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তার এড়াতে তিনি বাসার ভেতরে তৈরি করা একটি সুড়ঙ্গসদৃশ গোপন স্থানে লুকিয়ে ছিলেন। প্রায় ১৮ ঘণ্টার অভিযানের পর তাঁকে আটক করা সম্ভব হয়।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হলেও, নিজের অবস্থান পরিষ্কার করে ববি জানিয়েছেন, এসব গুঞ্জনের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই এবং তিনি বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছেন।