নতুন গান ‘চ্যাম্পিয়ন’ নিয়ে ফিরছেন সঞ্জয় দেব ও নোরা ফাতেহি
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
আনন্দ বিনোদন ডেস্ক: বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া জাগানোর পর আবারও একসঙ্গে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি।
আগামী ২৯ জুন প্রকাশ পাবে তাদের নতুন গান ‘চ্যাম্পিয়ন’। ডালাস থেকে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় দেব জানান, এটি কেবল খেলাধুলার জয় উদযাপনের গান নয়, বরং জীবনের প্রতিটি সংগ্রাম ও সাফল্যকে উদযাপনের একটি অনুপ্রেরণামূলক সংগীত।
তিনি বলেন, “এটা শুধু কোনো খেলায় জয়ের গান নয়। জীবনের যেকোনো অর্জন, যেকোনো সংগ্রাম শেষে পাওয়া সাফল্য উদযাপনের গান। আমরা চাই, মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক এবং ইতিবাচক শক্তি অর্জন করুক। ‘চ্যাম্পিয়ন’ সবাইকে বিজয়ী হওয়ার অনুভূতি দেবে।”
গানটির কণ্ঠ, কথা, সুর এবং সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন সঞ্জয় দেব। তিনি জানান, প্রায় দুই মাস ধরে গানটির কাজ সম্পন্ন হয়েছে এবং বিশ্বকাপের আবহকে ঘিরেই এটি প্রকাশের পরিকল্পনা করা হয়।
‘চ্যাম্পিয়ন’-এর মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে পূর্ব আফ্রিকার দ্বীপাঞ্চল জানজিবারে। মাত্র দুই দিনের সফরে গিয়ে এক দিনেই ভিডিওটির পুরো শুটিং শেষ করেন সঞ্জয় দেব ও নোরা ফাতেহি। সঞ্জয়ের মতে, জানজিবারের মনোমুগ্ধকর সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওটিকে দিয়েছে আলাদা মাত্রা।
গানটি প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রচারণা শুরু হয়েছে। সম্প্রতি নোরা ফাতেহি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “বন্ধুরা, তোমরা সবাই ‘চ্যাম্পিয়ন’-এর জন্য প্রস্তুত তো?” তার এই পোস্টের পর থেকেই ভক্তদের মধ্যে গানটি নিয়ে বাড়ছে ব্যাপক আগ্রহ।
আপনার মতামত লিখুন :