আনন্দ বিনোদন ডেস্ক: বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে থাকছে নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা, লোকজ আয়োজন এবং বৈশাখী মেলা।
উৎসবের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে আয়োজন। ঢাকঢোলের বাদ্য, অর্কেস্ট্রা, ধামাইল নৃত্যসহ বিভিন্ন লোকসংগীত পরিবেশনার মধ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করা হবে। পাশাপাশি থাকবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগীত ও নৃত্য, যাত্রাপালা এবং লোকশিল্প প্রদর্শনী।
পহেলা বৈশাখে আয়োজিত দ্বিতীয় দিনের অনুষ্ঠানে থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা, শতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা এবং ‘এসো হে বৈশাখ’ গান। এছাড়া কবিগান, গাজীর গান, গম্ভীরা ও বাউল গানের মাধ্যমে ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা দিক তুলে ধরা হবে।
পরবর্তী দিনগুলোতে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য পরিবেশনা, অ্যাক্রোব্যাটিক প্রদর্শনী এবং পুতুলনাট্য। ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণে বৈচিত্র্যময় পরিবেশনা এ আয়োজনকে আরও সমৃদ্ধ করবে।
সমাপনী দিনে নৃত্য, লোকসংগীত ও ব্যান্ড সংগীতের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। একইসঙ্গে প্রদর্শিত হবে একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র। পাঁচ দিনব্যাপী এই আয়োজনের সঙ্গে চলবে বৈশাখী মেলা, যা সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে।
আপনার মতামত লিখুন :