• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

আন্তর্জাতিক তহবিল নিয়ে শুটিংয়ে নুহাশ হুমায়ূনের ‘মুভিং বাংলাদেশ’


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  দীর্ঘদিনের পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে অবশেষে শুটিং ফ্লোরে উঠেছে নির্মাতা Nuhash Humayun-এর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মুভিং বাংলাদেশ’। বৃহস্পতিবার থেকে ঢাকার প্রায় ২০টি ভিন্ন লোকেশনে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ, যা চলবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত।

একজন বাইক রাইডারের সংগ্রামের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় মূল চরিত্রে থাকছেন নতুন মুখ। নির্মাতা জানান, দীর্ঘ সময় ধরে অডিশনের মাধ্যমে চরিত্রের সঙ্গে মানানসই শিল্পী নির্বাচন করা হয়েছে। আপাতত অভিনয়শিল্পীদের নাম প্রকাশ না করে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

‘মুভিং বাংলাদেশ’ শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইতোমধ্যে সাড়া ফেলেছে। সিনেমাটির চিত্রনাট্য তাইওয়ানের তাইপে ফিল্ম কমিশন থেকে প্রায় ৮৯ হাজার ৮০০ ডলার তহবিল পায়। পাশাপাশি সিনক্রাফট ফিল্ম ফান্ড থেকেও অর্থ সহায়তা পেয়েছে এটি। এছাড়া টোকিও গ্র্যান্ট ফাইন্যান্সিং মার্কেট, কান উৎসবের মার্শে দ্যু ফিল্ম বাজার, লোকার্নো চলচ্চিত্র উৎসব ও ভারতের ফিল্ম বাজার থেকেও নানা সহযোগিতা পেয়েছে প্রকল্পটি।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ওয়েব কনটেন্ট দিয়ে নির্মাতা হিসেবে যাত্রা শুরু করা নুহাশ হুমায়ূনের কাজ আগেই আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। তার নির্মিত ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’ লন্ডনের রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে। এছাড়া তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ আন্তর্জাতিক অঙ্গনে একাধিক পুরস্কার অর্জন করে আলোচনায় আসে।

নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে নুহাশ বলেন, গত পাঁচ থেকে ছয় বছর ধরে চিত্রনাট্য, বাজেট ও গল্পের উন্নয়নে সময় দিয়েছেন তিনি। তাড়াহুড়া না করে নিজের মতো করে কাজটি সম্পন্ন করতে চেয়েছেন, যাতে দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি সিনেমা উপহার দেওয়া যায়।