আনন্দ বিনোদন ডেস্ক: দীর্ঘদিনের প্রেম, একসঙ্গে সংসার এবং দুই সন্তান—সবকিছুর পর এবার সম্পর্ককে আইনি স্বীকৃতি দিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তার দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। শুক্রবার (২১ আগস্ট) গোয়ার উত্তরাঞ্চলের মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে তাদের বিয়ে নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদন অনুযায়ী, গোয়ার ইউনিফর্ম সিভিল কোডের আওতায় বিয়েটি নিবন্ধিত হয়েছে। সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকার জানান, ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে বিকেল ৪টার দিকে কার্যালয়ে হাজির হন অর্জুন ও গ্যাব্রিয়েলা। দুজনের পরনেই ছিল সাধারণ পোশাক। জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন বা তারকাদের উপস্থিতি ছিল না।
স্থানীয় আইনে প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের ব্যবধান রাখার নিয়ম রয়েছে। তবে বিশেষ অনুমতি নিয়ে সেই অপেক্ষার সময় এড়িয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা জুটি। সাব-রেজিস্ট্রারের তথ্য অনুযায়ী, বিয়ের সনদ তাদের হাতে দেওয়া হবে ১৫ দিন পর।
অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্কের শুরু ২০১৮ সালে। বিয়ের আনুষ্ঠানিকতা ছাড়াই তারা একসঙ্গে পথচলা শুরু করেন। ২০১৯ সালে তাদের প্রথম সন্তান এরিকের জন্ম হয়। এরপর ২০২৩ সালে পৃথিবীতে আসে তাদের দ্বিতীয় সন্তান এরিভ। দীর্ঘদিন একসঙ্গে থাকার পরও বিয়ের বিষয়ে তাড়াহুড়া করেননি তারা।
২০২৫ সালে তাদের বাগ্দানের খবর প্রকাশ্যে আসে। এর এক বছর পর অবশেষে সেই সম্পর্ক পেল আইনি স্বীকৃতি। আট বছরের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্তকে তাই তাদের ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
অর্জুন অতীতেও বিয়ে নিয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন। তার বক্তব্য ছিল, সম্পর্কের গভীরতা কোনো কাগজ দিয়ে নির্ধারণ করা যায় না। গ্যাব্রিয়েলার সঙ্গে তারা নিজেদের এমনিতেই বিবাহিত মনে করেন বলেও জানিয়েছিলেন তিনি। তবে বিয়ের বিরোধী নন—এ কথাও স্পষ্ট করেছিলেন অভিনেতা।
গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন অর্জুন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। সেই সংসারে তাদের দুই মেয়ে—মাহিকা ও মাইরা। বিচ্ছেদের পরও মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন অর্জুন।
অন্যদিকে গ্যাব্রিয়েলা দক্ষিণ আফ্রিকার নাগরিক এবং মডেল ও ফ্যাশন উদ্যোক্তা হিসেবে পরিচিত। অর্জুনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে তাদের দুই সন্তানও রয়েছে। এবার বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক পেল আইনি স্বীকৃতি।
জাঁকজমকপূর্ণ বলিউড আয়োজনের বদলে একেবারে ব্যক্তিগত ও সাদামাটা পরিবেশে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অর্জুন-গ্যাব্রিয়েলা। বহু বছর ধরে নিজেদের মতো করে এগিয়ে নেওয়া সম্পর্কের এই নতুন অধ্যায়ও তাই তাদের ব্যক্তিগত জীবনদর্শনের সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ।
আপনার মতামত লিখুন :