• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

‘মাইকেল’ গড়ল নতুন ইতিহাস, একশ কোটি ডলার আয়ের দ্বারপ্রান্তে


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  বিশ্বখ্যাত সংগীত তারকা মাইকেল জ্যাকসনের জীবন ও কর্ম নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মাইকেল’ বক্স অফিসে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক আগ্রহে ছবিটি বিশ্বজুড়ে দারুণ সাফল্য অর্জন করছে এবং ইতোমধ্যে সংগীতভিত্তিক জীবনীচিত্রের আয়সংক্রান্ত আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

গত ২৪ এপ্রিল মুক্তির পর থেকে সিনেমাটি আন্তর্জাতিক বাজারে ধারাবাহিকভাবে ভালো ব্যবসা করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ছবিটির বৈশ্বিক আয় ৯১১ মিলিয়ন ডলারের বেশি। এর ফলে দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা ফ্রেডি মার্কারির জীবনভিত্তিক জনপ্রিয় চলচ্চিত্র ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’র আয়কে পেছনে ফেলেছে ‘মাইকেল’।

চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, বর্তমান গতিধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই সিনেমাটি একশ কোটি ডলার আয়ের মাইলফলক স্পর্শ করবে। সেই অর্জন হলে এটি হবে ইতিহাসের প্রথম সংগীতনির্ভর জীবনীচিত্র, যা বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করবে।

অ্যান্টোইন ফুকোয়া পরিচালিত এই চলচ্চিত্রে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। চরিত্রটির জন্য জাফারের অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে। এছাড়া সিনেমাটিতে নিয়া লং, জুলিয়ানো ভালদি, কেলিন ডারেল জোনস এবং লরা হ্যারিয়ারসহ আরও অনেক তারকা অভিনয় করেছেন।

প্রায় ২০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ‘মাইকেল’ শুধু আর্থিক সাফল্যই নয়, দর্শকপ্রিয়তা এবং সাংস্কৃতিক প্রভাবের দিক থেকেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখন চলচ্চিত্রপ্রেমীদের নজর রয়েছে কবে সিনেমাটি আনুষ্ঠানিকভাবে একশ কোটি ডলারের ক্লাবে প্রবেশ করে নতুন এক মাইলফলক স্থাপন করে।