• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

মিস ওয়ার্ল্ড ২০২৬: বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনাম যাচ্ছেন সামানজার সাঈদ। শনিবার ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। এর আগে বনানীতে আয়োজক সংস্থা ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিজের প্রস্তুতি, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন সামানজার। কৌতূহল থেকেই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর মুকুট অর্জন করেন তিনি। গত ১১ জুলাই আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী চ্যাম্পিয়ন আকলিমা আতিকা কনিকার কাছ থেকে বিজয়ীর মুকুট গ্রহণ করেন সামানজার।

বিশ্বমঞ্চে নিজের লক্ষ্য সম্পর্কে সামানজার সাঈদ জানান, আত্মবিশ্বাস ধরে রেখে প্রতিযোগিতায় নিজের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরতে চান তিনি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করাকে নিজের সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে দেখছেন এই প্রতিযোগী। মুকুট জয়ের পর থেকে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে উপস্থাপনের কৌশল, ব্যক্তিত্ব বিকাশ এবং বিভিন্ন বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ ও গ্রুমিং সেশনে অংশ নিয়েছেন তিনি।

শুধু সুন্দরী প্রতিযোগিতাই নয়, ছোটবেলা থেকেই নাচ ও গানের প্রতিও আগ্রহ রয়েছে সামানজারের। প্রায় চার বছর ধরে কত্থক ও ভরতনাট্যমের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। উচ্চশিক্ষার ব্যস্ততার কারণে একসময় সাংস্কৃতিক চর্চায় বিরতি এলেও বর্তমানে আবারও নিজের সৃজনশীল দক্ষতা বিকাশে মনোযোগ দিচ্ছেন। উপযুক্ত গল্প ও চিত্রনাট্য পেলে ভবিষ্যতে অভিনয়েও কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

এবারের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতাকে ঘিরে সামানজারের প্রস্তুতিও বেশ বিস্তৃত। আন্তর্জাতিক দর্শকের সামনে বাংলাদেশের সংস্কৃতি, নারীর আত্মবিশ্বাস ও নিজের ব্যক্তিত্ব তুলে ধরার পাশাপাশি প্রতিযোগিতার বিভিন্ন পর্বে দক্ষতার সঙ্গে নিজেকে উপস্থাপন করাই তার লক্ষ্য।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হবে ভিয়েতনামের হো চি মিন সিটিতে আগামী ৫ সেপ্টেম্বর। এর আগে প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বিশ্বের নানা দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নেবেন সামানজার সাঈদ। বিশ্বমঞ্চে তার এই অংশগ্রহণ বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি ও তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকে নতুনভাবে তুলে ধরবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।