আনন্দ বিনোদন ডেস্ক: ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসিতে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নেওয়া হলেও তা ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা। একদিকে সরকারি উদ্যোগে দিবসটি উদযাপনের আয়োজন, অন্যদিকে একটি পক্ষ থেকে বয়কটের আহ্বান—সব মিলিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে সংশ্লিষ্টরা।
এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া জানিয়েছেন, সরকারিভাবে ঘোষিত এই দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এফডিসির উদ্যোগে সকাল ১০টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আমন্ত্রণপত্রও বিতরণ করা হয়েছে। তবে তথ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানা গেছে।
এদিকে জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের পক্ষ থেকে এবিএম সোহেল রশিদ এক খোলা চিঠিতে এই আয়োজন বয়কটের ডাক দিয়েছেন। চিঠিতে দাবি করা হয়, জাতীয় চলচ্চিত্র দিবসের প্রবর্তন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি চলচ্চিত্র শিল্পের প্রকৃত উন্নয়নে ভূমিকা রাখেনি।
চিঠিতে আরও বলা হয়, চলচ্চিত্র একটি স্বাধীন শিল্পমাধ্যম এবং এটি কোনো দল বা পরিবারের সঙ্গে সম্পৃক্ত হওয়া উচিত নয়। রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে শিল্পচর্চার আহ্বান জানিয়ে সংশ্লিষ্টদের এই দিবস বর্জনের আহ্বান জানানো হয়েছে।
এই পরিস্থিতিতে এফডিসিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই আশঙ্কা করছেন, এমন পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হতে পারে।
আপনার মতামত লিখুন :