বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ ঘিরে টানাপোড়েনের মধ্য দিয়েই শেষ হলো ২০২৪–২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির মেয়াদ। পুরো সময়জুড়ে কার্যত নিষ্ক্রিয় ছিল এই পদটি, যেখানে দায়িত্বে ছিলেন মনোয়ার হোসেন ডিপজল।
নির্বাচন-পরবর্তী আইনি জটিলতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সাধারণ সম্পাদক ও সভাপতি—দুজনেরই সক্রিয় উপস্থিতি ছিল খুব সীমিত। ফলে কমিটির কার্যক্রমে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়। একই সময়ে সভাপতি মিশা সওদাগরও বেশিরভাগ সময় দেশের বাইরে অবস্থান করেন।
তবে কমিটির কয়েকজন সদস্য জানিয়েছেন, আনুষ্ঠানিক নেতৃত্ব অনুপস্থিত থাকলেও কার্যক্রম পুরোপুরি থেমে যায়নি। রুমানা ইসলাম মুক্তি ও সনি রহমানসহ কয়েকজন সদস্য দায়িত্ব ভাগ করে সমিতির কার্যক্রম চালিয়ে যান।
এদিকে আগামী নির্বাচন সামনে রেখে নতুন নেতৃত্ব গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি, সনি রহমান এবং জয় চৌধুরী। ইতোমধ্যে তারা নিজেদের পরিকল্পনা ও ইশতেহার নিয়ে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
নতুন নির্বাচনে শিল্পীদের কল্যাণ, আবাসন সুবিধা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সব মিলিয়ে আবারও সরগরম হয়ে উঠছে চলচ্চিত্র শিল্পী সমিতির রাজনীতি।
আপনার মতামত লিখুন :