আনন্দ বিনোদন ডেস্ক: প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বাবার গ্রেফতারকে ঘিরে সৃষ্ট আলোচনার প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি জানিয়েছেন, তার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা পেশাগত সম্পর্ক নেই।
শনিবার (২৬ এপ্রিল) সকালে দেওয়া ওই বক্তব্যে পূজা চেরি বলেন, তার বাবা দেব প্রসাদ রায়-এর গ্রেফতার ও আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগের কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে ফোন ও বার্তা পাচ্ছেন বলে উল্লেখ করে বিভ্রান্তি দূর করতেই নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। অভিনেত্রী জানান, দীর্ঘ ১০-১২ বছর ধরে তিনি নিজের চেষ্টায় ক্যারিয়ার গড়ে তুলেছেন এবং নিজের ব্যয় নিজেই বহন করে আসছেন।
আর্থিক লেনদেন প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, তার বাবার কোনো ব্যবসা বা আর্থিক কার্যক্রমের সঙ্গে তিনি জড়িত নন। এমনকি তিনি বর্তমানে কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও সম্পৃক্ত নন। পরিস্থিতিকে মানসিকভাবে কষ্টদায়ক উল্লেখ করে তিনি বলেন, এটি তার বাবার ব্যক্তিগত আইনি বিষয় এবং তিনি আশা করেন, তদন্তের মাধ্যমে সত্য সামনে আসবে।
এদিকে অভিযোগ রয়েছে, চলচ্চিত্র প্রযোজনার কথা বলে প্রায় ১৩ কোটির বেশি টাকা আত্মসাত করেছেন দেব প্রসাদ রায়। ভুক্তভোগীর করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার অনুযায়ী, বিভিন্ন সময়ে নগদ, স্ট্যাম্প ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ লেনদেন হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :