আনন্দ বিনোদন ডেস্ক: দীর্ঘ চার দশকের অপেক্ষা শেষে আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে ইরাক। আন্তঃমহাদেশীয় প্লে-অফের ফাইনালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে মধ্যপ্রাচ্যের এই দলটি। এর মাধ্যমে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্ব আসরে অংশগ্রহণ নিশ্চিত করল ‘লায়ন্স অব মেসোপটেমিয়া’রা।
মঙ্গলবার রাতে মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় ইরাককে। ম্যাচের ১০ মিনিটেই আলি আল হামাদির গোলে এগিয়ে যায় তারা। তবে বিরতির ঠিক আগে ময়েজেস পানিয়াগুয়ার গোলে সমতায় ফেরে বলিভিয়া।
দ্বিতীয়ার্ধে দুই দলই সমান তালে লড়াই চালালেও শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেন আয়মান হোসেন। তার করা জয়সূচক গোলই ইরাককে পৌঁছে দেয় কাঙ্ক্ষিত লক্ষ্যে। এই জয়ের মাধ্যমে তারা ২০২৬ বিশ্বকাপের ৪৮তম ও শেষ দল হিসেবে নিজেদের জায়গা নিশ্চিত করে।
একই রাতে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির বিদায় বেদনাও ফুটবলপ্রেমীদের নাড়া দিয়েছে। জেন্নারো গাত্তুসোর দল ব্যর্থতার হতাশায় ডুবলেও ইরাকের সমর্থকরা আনন্দে মাতেন গ্যালারিতে।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ‘আই’ গ্রুপে খেলবে ইরাক। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল। যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য এই সাফল্য শুধু ক্রীড়া অর্জনই নয়, বরং আশা ও পুনর্জাগরণের প্রতীক হয়ে উঠেছে।
আপনার মতামত লিখুন :