আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : May 15, 2026 ইং
আনন্দ বিনোদন ডেস্ক: আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নতুন নাটক ‘মায়াপাখি’ নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী নাজনীন নাহার নীহা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। নির্মাতার দাবি, এবারের গল্পে দর্শকরা পাবেন ভিন্ন ধরনের আবেগ ও চমকে ভরা অভিজ্ঞতা।
নাটকের গল্পে দেখা যাবে, মায়া নামের এক সাধারণ মেয়েকে ঘিরে এগোবে কাহিনি। সাদামাটা সাজ, বেনী করা চুল, কপালের টিপ আর চোখে কাজল—সব মিলিয়ে এক সহজ-সরল মেয়ের চরিত্রে দেখা যাবে নীহাকে। আর সেই মায়ার প্রেমে পড়ে সাদাত নামের এক তরুণ। তবে সময়ের সঙ্গে তাদের সম্পর্কের গল্পে তৈরি হয় নানা জটিলতা ও অপ্রত্যাশিত মোড়।
নির্মাতা জাকারিয়া সৌখিন জানিয়েছেন, গল্পের গুরুত্বপূর্ণ অংশ এখনই প্রকাশ করতে চান না তিনি। দর্শকদের জন্য পুরো নাটকটিকে চমক হিসেবেই রাখতে চান। তার ভাষায়, যারা নিয়মিত তার কাজ দেখেন, তারা এবার সম্পূর্ণ নতুন স্বাদের একটি গল্প উপভোগ করবেন।
নাটকটি নিয়ে বেশ আশাবাদী অপূর্বও। তিনি বলেন, ‘মায়াপাখি’ এমন একটি গল্প, যা দর্শকের মনে গভীরভাবে দাগ কাটবে। গল্পের শেষ অংশে এসে দর্শক আবেগাপ্লুত হয়ে পড়বেন বলেও মনে করেন এই অভিনেতা।
অন্যদিকে নাজনীন নাহার নীহা জানিয়েছেন, এই নাটকে তার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। তিনি বলেন, আগে কখনো এমন চরিত্রে অভিনয় করেননি। দর্শক তাকে নতুনভাবে আবিষ্কার করবেন বলেও বিশ্বাস তার।
জানা গেছে, নাটকটি ঈদুল আজহায় সিএমভির ব্যানারে মুক্তি পাবে।
আপনার মতামত লিখুন :