• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতাদের


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 7, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর প্রতি দর্শকের আগ্রহ যখন তুঙ্গে, ঠিক তখনই সন্ধ্যার পর মাল্টিপ্লেক্সে শো বন্ধের সিদ্ধান্তে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে চলচ্চিত্র অঙ্গনে। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বিপণিবিতান বন্ধ রাখার কারণে ব্লকবাস্টার সিনেমাস প্রথমে সন্ধ্যার পর শো বন্ধের ঘোষণা দেয়। পরবর্তীতে অন্যান্য মাল্টিপ্লেক্সও একই সিদ্ধান্ত অনুসরণ করে।

এ পরিস্থিতিতে ঈদের সিনেমাগুলোর নির্মাতা ও প্রযোজকেরা যৌথ বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সরকারের সিদ্ধান্তকে সম্মান জানালেও জানিয়েছেন, এই কারণে মার্কেটের ভেতরে থাকা সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাওয়ায় চলচ্চিত্র শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। তাদের মতে, সন্ধ্যা ও রাতের শোগুলোই মূলত দর্শকের ভিড় বেশি হয়, যা সিনেমার জন্য ‘প্রাইম টাইম’ হিসেবে বিবেচিত।

নির্মাতারা বলেন, দিনের কর্মব্যস্ততা শেষে দর্শকরা পরিবারসহ এই সময়েই সিনেমা দেখতে আসেন। ফলে সন্ধ্যা ৭টার মধ্যে শো বন্ধ হয়ে গেলে বিপুলসংখ্যক দর্শক সিনেমা উপভোগের সুযোগ হারাবেন। অতীতে মার্কেট বন্ধ হলেও সিনেমা হলগুলো চালু রাখার নজির তুলে ধরে তারা একই সুবিধা পুনর্বহালের দাবি জানিয়েছেন।

অর্থনৈতিক ক্ষতির বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, একটি সিনেমা নির্মাণে বিপুল বিনিয়োগ থাকে এবং ঈদের সময়ই সেই বিনিয়োগ ফেরত পাওয়ার প্রধান সুযোগ। এই সময় হল বন্ধ থাকলে প্রযোজকদের জন্য তা বড় ধরনের ক্ষতির কারণ হবে।

এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন তানিম নূর, রায়হান রাফী-সহ আরও কয়েকজন নির্মাতা ও প্রযোজক। তাদের মূল দাবি—সিনেমা হলকে সাধারণ দোকানের আওতার বাইরে রেখে মার্কেট বন্ধ থাকলেও পূর্বের মতো প্রদর্শনী চালু রাখার সুযোগ দেওয়া হোক।