• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে রাজধানীতে দুই মেগা কনসার্ট, মঞ্চে মাইলস-ওয়ারফেজ-আর্টসেল


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয়েছে একাধিক উন্মুক্ত সংগীতানুষ্ঠান। বুধবার (৫ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যান এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে দুটি বড় কনসার্ট—‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ ও ‘বর্ষা বিপ্লবের গান’। এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) ধানমন্ডির রবীন্দ্রসরোবরে অনুষ্ঠিত হয়েছে ‘সাউন্ড অব জুলাই’ কনসার্ট।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় আয়োজিত ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ শুরু হবে বিকেল ৩টায়। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে দুপুর ১টায় এবং আয়োজন চলবে রাত ৯টা পর্যন্ত। অনুষ্ঠানে পরিবেশনা করবে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড—মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস ও রে রে। উদ্বোধনী পরিবেশনায় থাকবে রে রে, এরপর মূল পর্বে মঞ্চে উঠবে বাকি ছয়টি ব্যান্ড। পাশাপাশি থাকছে বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানও।

একই দিনে বিকেল ৪টা থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন এলাকায় শুরু হবে ওপেন-এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এ কনসার্টে পারফর্ম করবে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা এবং তাসরিফের কুঁড়েঘর। একক শিল্পী হিসেবে থাকবেন আসিফ আকবর ও র‍্যাপার সেজান।

এ ছাড়া নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদ, ব্যান্ড নীল, জে কে তাহমিদ, পারশা মাহজাবীনসহ আরও বেশ কয়েকজন শিল্পী এই আয়োজনে অংশ নেবেন। আয়োজকরা জানিয়েছেন, দুটি কনসার্টই দর্শকদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে এবং এতে অংশ নিতে কোনো ধরনের টিকিটের প্রয়োজন হবে না। সংগীতের মাধ্যমে গণতন্ত্র, সংস্কৃতি ও জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।