নিজস্ব প্রতিবেদক: ‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীতে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় ক্রীড়া পরিষদ-এ গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার নেতৃত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদফতর, জাতীয় ক্রীড়া পরিষদ এবং ক্রীড়া পরিদফতরের কর্মকর্তারা অংশ নেন। এছাড়া বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড় ও সংগঠকদের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
র্যালি শেষে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি মানুষের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। তিনি জোর দিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই এবং তরুণদের সুস্থ পথে রাখতে মাঠের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, খেলাধুলা এমন একটি ক্ষেত্র যেখানে কোনো ভেদাভেদ নেই। দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করে ক্রীড়াবান্ধব দেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। একইসঙ্গে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বাড়ানোর লক্ষ্যের কথাও তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :