আনন্দ বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা-র ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না। কখনো অর্জুন কাপুর-এর সঙ্গে সম্পর্ক, আবার কখনো নতুন কারও সঙ্গে নাম জড়িয়ে নিয়মিতই শিরোনামে আসছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
‘কার্লি টেলস’-এ দেওয়া সাক্ষাৎকারে মালাইকা জানান, একসময় এসব গুজব তাকে বিরক্ত করলেও এখন তিনি বিষয়টি ভিন্নভাবে দেখেন। তার কথায়, ছেলে আরহান খান-কে নিয়ে এখন এসব খবর পড়ে হাসাহাসি করেন। কারও সঙ্গে নাম জড়ানোর ঘটনাকে তিনি এখন আর গুরুত্ব দেন না, বরং এটিকে নিছক মজার বিষয় হিসেবেই নেন।
সম্প্রতি ‘স্প্লিটসভিল্লা এক্সসিক্স’ খ্যাত সোরাব বেদী-র সঙ্গে একটি পার্টির ছবি ভাইরাল হওয়ার পর নতুন করে প্রেমের গুঞ্জন ছড়ায়। তবে এ বিষয়ে মালাইকা স্পষ্ট করে জানান, তিনি বর্তমানে নিজের জীবন উপভোগ করছেন এবং নতুন করে কোনো সম্পর্কে জড়ানোর জন্য তাড়াহুড়া করছেন না।
তিনি বলেন, একজন স্বনির্ভর নারী হিসেবে নিজের জীবনে তিনি পরিপূর্ণ। ভবিষ্যতে যদি কোনো সম্পর্কে জড়ান, তবে তা হবে সম্পূর্ণ নিজের ইচ্ছা ও শর্তে। দীর্ঘদিন আরবাজ খান-এর সঙ্গে দাম্পত্য জীবন কাটানোর পর ২০১৭ সালে বিচ্ছেদ ঘটে তাদের। এরপর ২০১৮ সালে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ালেও ২০২৪ সালে সেই সম্পর্কেরও ইতি টানেন তিনি।
মালাইকা আরও রসিকতা করে বলেন, এখন এমন অবস্থা হয়েছে যে কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে দেখা গেলেই তাকে ‘প্রেমিক’ বানিয়ে দেওয়া হয়। পেশাগত দিক থেকেও তিনি ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ‘পয়জন বেবি’ গান দিয়ে দর্শকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি লেখক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তার নতুন বই ‘ইটস ইজি টু বি হেলদি’-র মাধ্যমে।
আপনার মতামত লিখুন :