• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসর ২ আগস্ট, মিলবে ২০ ক্যাটাগরিতে সম্মাননা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’। আগামী ২ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল আয়োজন।

প্রবাসী বাংলা ভাষাভাষী দর্শক, চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, কলাকুশলী এবং সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হতে যাওয়া এই উৎসবে প্রদর্শিত হবে নির্বাচিত বাংলা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য সিনেমা। পাশাপাশি থাকবে রেড কার্পেট, সাংস্কৃতিক পরিবেশনা, দেশ-বিদেশের বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বদের উপস্থিতি এবং বিভিন্ন বিভাগে বিশেষ সম্মাননা প্রদান।

আয়োজকদের ভাষ্য, নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য বাংলা চলচ্চিত্রকে বৈশ্বিক দর্শকের কাছে তুলে ধরা, নতুন নির্মাতাদের উৎসাহ দেওয়া এবং বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে কার্যকর ভূমিকা রাখা।

প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিও যৌথভাবে উৎসবটির আয়োজন করেছে। সার্বিক সহযোগিতায় রয়েছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)। ফেস্টিভ্যালে শর্টফিল্ম, ডকুমেন্টারি এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র—এই তিনটি বিভাগে নির্মিত বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে। মূল আয়োজনের আগে ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী চলবে চলচ্চিত্র প্রদর্শনী।

ফেস্টিভ্যালের আহ্বায়ক অলিভ আহমেদ বলেন, “আমরা আমেরিকায় বাংলা চলচ্চিত্রের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই। শুধুমাত্র বিনোদনমূলক আয়োজন বা গণহারে সম্মাননা নয়, প্রকৃত মেধাবী চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীদের সামনে নিয়ে আসাই আমাদের লক্ষ্য।”

সদস্য সচিব লিটু আনাম জানান, “আমাদের সঙ্গে রয়েছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন। তারা আশ্বাস দিয়েছেন, উৎসবে নির্বাচিত সেরা নির্মাতা ও চলচ্চিত্রের ওপর ভবিষ্যতে বিনিয়োগের উদ্যোগ নেওয়া হবে।” তিনি আরও জানান, ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র নির্মাতা পিকলু চৌধুরী এবং প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে রয়েছেন তানভীর সানি।

তিন দিনের চলচ্চিত্র প্রদর্শনীর সূচি

৩০ জুলাই

  • স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: বিলাই
  • তথ্যচিত্র: কনসার্ট ফর বাংলাদেশ
  • পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র: নয়া মানুষ (পরিচালনা: সোহেল রানা বয়াতি)

৩১ জুলাই

  • স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ইশপাইটThe Eternal Journey
  • পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র: দেয়ালের দেশ (পরিচালনা: মিশুক মনির)

১ আগস্ট

  • স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: আমেরিকান ড্রিম (জায়েদ খান) ও ঈদ মোবারক
  • পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র: বিশ্বাস করেন ভাই (রাইসুল ইসলাম অনিক) এবং শিকড় (প্রসূন রহমান)

২ আগস্ট অনুষ্ঠিত হবে মূল পুরস্কার বিতরণী ও সমাপনী আয়োজন।

ফেস্টিভ্যালের প্রথম আসর হওয়ায় ২০২৩ থেকে ২০২৫ সালের বাংলা চলচ্চিত্রের বিভিন্ন সাফল্যকে মূল্যায়ন করে ২০টি ক্যাটাগরিতে সেরা শিল্পী, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা এবং কলাকুশলীদের সম্মাননা প্রদান করা হবে।

এছাড়া বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রসারে অবদানের জন্য বায়োস্কোপ ফিল্মস-কে বিশেষ সম্মাননা দেওয়া হবে। বাংলাদেশের সিনেমা হল আধুনিকায়ন, আধুনিক প্রদর্শন প্রযুক্তি চালু এবং দর্শকদের পুনরায় প্রেক্ষাগৃহমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্টার সিনেপ্লেক্স-কেও বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে।

বাংলা চলচ্চিত্রে আজীবন অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ-কে প্রদান করা হবে আজীবন সম্মাননা পদক।

ইতোমধ্যে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক চলচ্চিত্র তারকা, নির্মাতা ও শিল্পীরা নিউইয়র্কে পৌঁছেছেন। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন ভবিষ্যতে বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক বিস্তারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে।