আনন্দ বিনোদন ডেস্ক: পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প এবার সমাপ্তির পথে। পারিবারিক সম্পর্ক, ভালোবাসা এবং জীবনের নানা টানাপোড়েন ঘিরে নির্মিত এই নাটকটি শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
পাকিস্তানি সিরিজ কাভি মে কাভি তুম থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ধারাবাহিকটির এখন পর্যন্ত ৪৬টি পর্ব প্রচারিত হয়েছে। নির্মাতা জানিয়েছেন, মোট ৫২ পর্বে শেষ হবে নাটকটি। তবে শেষ পর্বটি হবে বিশেষ আয়োজনের মাধ্যমে।
নির্মাতা রাজ জানান, দর্শকদের দীর্ঘদিনের চাওয়ার কথা বিবেচনা করেই সমাপনী পর্বটি ‘মেগা এপিসোড’ হিসেবে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত প্রতিটি পর্বের দৈর্ঘ্য ২৫ মিনিট হলেও শেষ পর্বটি দেড় ঘণ্টারও বেশি সময়জুড়ে প্রচার করা হবে।
নাটকটিতে ফাহাদ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সামির চরিত্রে খায়রুল বাসার, মেহরী চরিত্রে কেয়া পায়েল এবং সায়রা চরিত্রে সুনেরাহ বিনতে কামাল। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার ও মনিরা আক্তার মিঠু।
গত বছরের ৫ নভেম্বর চ্যানেল আই-এ প্রচার শুরু হওয়া নাটকটি একইসঙ্গে ‘সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। নির্মাতার আশা, বিশেষ এই সমাপনী পর্বটি দর্শকদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন :