• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

ফেসবুক-ইনস্টাগ্রামে আসতে পারে বড় পরিবর্তন


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : May 16, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  শিশু ও কিশোরদের নিরাপত্তা নিয়ে নতুন করে চাপে পড়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যেখানে ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রমে বড় ধরনের পরিবর্তনের নির্দেশ দিতে পারেন আদালত। অভিযোগ উঠেছে, কিশোর ব্যবহারকারীদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখতে মেটা ইচ্ছাকৃতভাবে আসক্তিমূলক ফিচার ব্যবহার করেছে এবং শিশুদের যৌন শোষণসহ নানা ঝুঁকি থেকে যথাযথ সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

রাজধানী সান্তা ফেতে সোমবার শুরু হওয়া এই মামলাটি দায়ের করেন নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ। মামলার মূল বিষয় হচ্ছে, মেটার প্ল্যাটফর্মগুলো জনস্বার্থের জন্য ক্ষতিকর পরিস্থিতি তৈরি করেছে কি না। আদালত যদি অভিযোগকে সত্য বলে মনে করে, তাহলে প্রতিষ্ঠানটিকে অ্যালগরিদম পরিবর্তন, বয়স যাচাই বাধ্যতামূলক করা কিংবা অটোপ্লে ও অনন্ত স্ক্রলিংয়ের মতো ফিচার সীমিত করার নির্দেশ দেওয়া হতে পারে।

এর আগে মামলার প্রাথমিক ধাপে জুরি বোর্ড রায় দেয় যে, তরুণদের জন্য নিরাপদ প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের উপস্থাপন করে মেটা ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে। সেই রায়ের ভিত্তিতে কোম্পানিটিকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করার নির্দেশ দেওয়া হয়। এবার নতুন ধাপে অঙ্গরাজ্য কর্তৃপক্ষ আরও বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করতে পারে। আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, প্রায় ৩৭০ কোটি ডলার পর্যন্ত ক্ষতিপূরণ চাওয়া হতে পারে, যা দিয়ে দীর্ঘমেয়াদি মানসিক স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

মেটা অবশ্য অভিযোগগুলোকে অতিরঞ্জিত বলে দাবি করেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, প্রস্তাবিত কিছু পরিবর্তন প্রযুক্তিগতভাবে বাস্তবায়ন করা কঠিন। এমনকি এসব শর্ত কার্যকর করতে হলে নিউ মেক্সিকোতে সেবা সীমিত করার পরিস্থিতিও তৈরি হতে পারে। কোম্পানিটি আরও বলেছে, কিশোরদের মানসিক স্বাস্থ্য সমস্যার জন্য শুধু সামাজিক যোগাযোগমাধ্যমকে দায়ী করার মতো যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই।

বিশেষজ্ঞদের মতে, এই মামলার রায় প্রযুক্তি শিল্পের জন্য বড় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। কারণ, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও শত শত শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর বিরুদ্ধে একই ধরনের মামলা করেছে। আদালতের সিদ্ধান্ত ভবিষ্যতে কিশোরদের অনলাইন নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নকশা নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।